আবদুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা।
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পে (পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) বড় ধরনের আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৬৮৬ কোটি টাকা ক্ষতির অভিযোগে চলমান তদন্ত নতুন মোড় নিচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এই তদন্তের আওতায় আসতে পারেন প্রকল্পটির সাবেক উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ও বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক (অর্থ ও হিসাব) যুগ্ম সচিব ড. অনুপম সাহা। এছাড়া প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও আর্থিক অসংগতি খতিয়ে দেখতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং সরকারের উচ্চপর্যায় থেকেও পৃথক তদন্ত চলছে বলে জানা গেছে।প্রকল্পে সম্পৃক্ততা ও প্রশাসনিক বদলি।প্রশাসনিক নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ড. অনুপম সাহা টানেল নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ সময়ে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবেও কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের মার্চ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে টানেল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের পদ থেকে বদলি করে বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে নিয়োগ দেওয়া হয়।দুদকের তদন্ত ও সম্ভাব্য সম্পৃক্ততা।দুদকের দায়ের করা মামলায় রাষ্ট্রের প্রায় ৬৮৬ কোটি টাকা আর্থিক ক্ষতির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রকল্পের তৎকালীন প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন তদন্তকারীরা।নাম প্রকাশ না করার শর্তে দুদকের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “মামলার প্রাথমিক এজাহারে চারজনের নাম থাকলেও তদন্তের স্বার্থে এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে নতুন নাম যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রকল্পের তৎকালীন উপ-প্রকল্প পরিচালক হিসেবে ড. অনুপম সাহার দায়িত্বকালীন সময়ের আর্থিক অনুমোদন ও ব্যয়ের নথিপত্র খতিয়ে দেখা হতে পারে। সুনির্দিষ্ট অভিযোগ বা দালিলিক প্রমাণ পাওয়া গেলে তাকেও জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা হবে।”সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাব ও আঞ্চলিক পরিচয়ের সুযোগ নিয়ে প্রকল্পের বিভিন্ন কেনাকাটা ও ব্যয়ে কোনো অনিয়ম হয়েছিল কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।বিশেষজ্ঞদের মতামত।বৃহৎ অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “মেগা প্রকল্পগুলোতে ব্যয় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মের যে চিত্র সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। কেবল শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই চলবে না; প্রকল্প বাস্তবায়ন, অর্থ ছাড় এবং প্রশাসনিক অনুমোদনের সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা সরাসরি যুক্ত ছিলেন, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় রোধ করা যায়।”সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য।তদন্তের সম্ভাব্যতা ও প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ড. অনুপম সাহার বক্তব্য জানার জন্য তার দাপ্তরিক ও ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার একান্ত সচিব (পিএস) ফোন রিসিভ করে জানান, স্যার বর্তমানে মিটিংয়ে ব্যস্ত আছেন, পরবর্তীতে কথা বলবেন।এরপর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে আর কোনো সাড়া পাওয়া যায়নি।