জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ ‘দ্য গ্লোরি’-তে অভিনয়ের সুবাদে পরিচয় ও প্রেমে জড়িয়েছিলেন অভিনেত্রী লিম জি–ইয়ন এবং অভিনেতা লি দো–হিউন। দীর্ঘ প্রায় তিন বছর সাত মাস সম্পর্কের পর এই তারকা জুটি বিচ্ছেদের পথে হেঁটেছেন। আজ মঙ্গলবার লি দো–হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে। এজেন্সির এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরও তাঁরা ভালো সহকর্মী হিসেবে একে অপরকে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।
এই জুটির সম্পর্কের শুরুটা হয়েছিল নেটফ্লিক্সের সেই আলোচিত সিরিজ ‘দ্য গ্লোরি’-তে কাজ করতে গিয়ে। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ অভিনেত্রীর প্রেম ভাঙল।
২০২৩ সালের এপ্রিল মাসে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা ভক্তদের জানান। সম্পর্কের কথা প্রকাশ্যে আসার অল্প কিছুদিনের মধ্যেই লি দো–হিউন তার বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন। সামরিক জীবনের কঠিন সময়েও লিম জি–ইয়ন পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন। এই সময় তাঁদের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে ভক্তদের বেশ কৌতূহল ছিল। এমনকি চলতি বছরের জুলাই মাসেও এই জুটিকে একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল, যা তাঁদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত বহন করছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। অনলাইন কমিউনিটিতে তাঁদের গলফ খেলার খবর ছড়িয়ে পড়লে এক প্রত্যক্ষদর্শী লিখেছিলেন, ‘তাঁদের একসঙ্গে বেশ মিষ্টি লাগছিল।’। লি দো–হিউনের সামরিক সেবার সময় পেরিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তাঁরা।
অভিনেত্রী লিম জি–ইয়ন ২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিউম্যান অ্যাডিকশন’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তবে নেটফ্লিক্সের ‘দ্য গ্লোরি’ সিরিজে নেতিবাচক চরিত্রে পার্ক ইয়োন–জিন চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। এরপর তিনি ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’, ‘রোজ ম্যানশন’ ও ‘দ্য কিলিং ভোট’-এর মতো সিরিজে কাজ করেছেন।
অন্যদিকে অভিনেতা লি দো–হিউনের জন্ম ১৯৯৫ সালের ১১ এপ্রিল। ২০১৭ সালে ‘প্রিজন প্লেবুক’ সিরিজ দিয়ে অভিনয়ে পা রাখা এই অভিনেতা ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন। ‘দ্য গ্লোরি’ সিরিজে জু ইয়ো–জিয়ং চরিত্রে অভিনয় তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। ২০২৩ সালে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেওয়া এই অভিনেতা ২০২৫ সালে সামরিক দায়িত্ব শেষ করে পুনরায় অভিনয়ে ফিরেছেন।
সূত্র: প্রথম আলো