বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও ভোগড়া এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কোথাও থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও তারা অন্য এলাকায় গিয়ে আবারও অবরোধ সৃষ্টি করছেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে জেলার মোট ১৫টি পোশাক কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাওজোড় এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও ভবানীপুর এলাকায় শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ সেখানে বাধা দেয় এবং মাইকিং করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানায়। বর্তমানে এলাকাগুলোতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ