বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ সংক্রান্ত প্রস্তাবের বিভিন্ন শর্তাবলি পর্যালোচনা শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে চুক্তি সম্পাদনের পরবর্তী অনুমোদনের জন্য ক্রয় প্রস্তাবটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রস্তাবের সঙ্গে সরকারি ক্রয় প্রক্রিয়ায় যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণের দুটি প্রত্যয়নপত্র যুক্ত করা হয়েছে। এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত এসব পত্রে নিশ্চিত করা হয়েছে যে, প্রাক্কলিত ব্যয় নির্ধারণ ও চুক্তির প্রক্রিয়া সরকারি ক্রয় নীতিমালা মেনেই সম্পন্ন করা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে তৃতীয় টার্মিনালের কার্যক্রম সীমিত পরিসরে শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আগে সব আনুষ্ঠানিকতা শেষ করতে চায় কর্তৃপক্ষ।
তবে এই চুক্তির বেশ কয়েকটি শর্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অন্যতম বিতর্কিত শর্ত হলো, তৃতীয় টার্মিনাল চালুর পর প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা। এছাড়া আগামী ১৫ বছর ঢাকার ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না—এমন শর্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এমনকি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে।
সংসদীয় কমিটির সদস্যরা প্রশ্ন তুলেছেন যে, বিপুল ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের অবকাঠামো ও সক্ষমতাকে কীভাবে পরবর্তীতে ব্যবহার করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে টার্মিনাল পরিচালনার নজির থাকলেও বাংলাদেশে রাষ্ট্রীয় বিনিয়োগের সর্বোচ্চ ব্যবহার নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের রাজস্ব ২৭ শতাংশ পাওয়ার কথা থাকলেও, আংশিক কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও আপত্তির মুখে পড়েছে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা এবং এর মাশুল নিয়েও আলোচনা চলছে। সংস্থাটি গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্সের পরিধিতে তৃতীয় টার্মিনালকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ হলেই জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে।
সূত্র: এভিয়েশন নিউজ বিডি