নিউজ ডেস্ক
চট্টগ্রামের ‘লাইফ লাইন’ খ্যাত কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় কয়েক বছরের ব্যবধানে প্রায় সাড়ে চার গুণ বাড়লেও এর বর্জ্য ব্যবস্থাপনায় চরম অনিয়মের অভিযোগ উঠেছে। ২০১৩ সালে ৭১ কোটি ২৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে শুরু হওয়া এই প্রকল্পের খরচ ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩২১ কোটি ৮৮ লাখ টাকায়। তবে বিপুল অর্থ ব্যয় হলেও বুয়েটের সমীক্ষা সুপারিশ উপেক্ষা করে নদী থেকে উত্তোলিত বালি ও বর্জ্য অপরিকল্পিতভাবে বিভিন্ন খাল ও নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে বলে দাবি করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন।গতকাল দুপুরে নগরীর ফিরিঙ্গীবাজার অভয়মিত্র ঘাটের যাত্রী ছাউনিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলীউর রহমান।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালে কর্ণফুলী ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি ২৮ লাখ টাকা। পরবর্তীতে ২০১৮ সালে সংশোধিত ব্যয়ে তা ১৮৩ কোটি ৬১ লাখ এবং ২০২০ সালে আরও বাড়িয়ে ৩২১ কোটি ৮৮ লাখ টাকা নির্ধারণ করা হয়। বক্তারা অভিযোগ করেন, ২০১৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমীক্ষায় ড্রেজিংয়ের বর্জ্য সংরক্ষণের জন্য নাজিরচরে প্রায় ১৯০ একর জায়গায় বিশেষ ব্যবস্থাপনা গড়ে তোলার সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা না মেনে যত্রতত্র বর্জ্য ফেলায় নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা পুনরায় হুমকির মুখে পড়ছে।সংবাদ সম্মেলনে মনোহরখালী ডেল্টা-২ এলাকায় প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি লাইটার জেটি নির্মাণের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই জেটি ব্যবহার করে সিমেন্ট কারখানার ক্লিংকার ও ইস্পাত কারখানার লোহার স্ল্যাগ খালাসের পরিকল্পনা চলছে, যা নদী ও সংলগ্ন এলাকার পরিবেশ দূষণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।এছাড়া নদী ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নদীতীরবর্তী শিল্পকারখানার জেটি স্থাপন এবং ভারী যানবাহন চলাচলের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ পরিস্থিতি উত্তরণে হাইকোর্টের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী কর্ণফুলীর তীরে চিহ্নিত ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে ভরাট হওয়া অংশ খননের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলন থেকে কর্ণফুলী ও সংযুক্ত খালগুলোর দখল-দূষণ রোধ, ড্রেজিং প্রকল্পের ব্যয় ও বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, শিল্পকারখানার পরিবেশগত ছাড়পত্র যাচাই এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণসহ ১৫ দফা দাবি উত্থাপন করা হয়।মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জাফর আহমদসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।