নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির একটি পরিত্যক্ত গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ড. ইউনূসের ওই পৈতৃক বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। নিচতলার যে গ্যারেজটিতে আগুন লেগেছে, সেটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং সেখানে কোনো গাড়ি রাখা হতো না। অগ্নিকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ভবনের নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, সম্ভাব্য হামলাকারী বা জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। নগরের আন্দরকিল্লা এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, নিয়মিত ও চলমান অভিযানের অংশ হিসেবে রাতে আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লাস্থ বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে অভিযানের সময় তাঁকে বাসায় পাওয়া যায়নি।