আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকার সেগুনবাগান ও কাঁঠালতলী এলাকার একটি ছড়া-খাল থেকে দিনদুপুরে এবং রাতের আঁধারে নির্বিচারে মাটি ও বালি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এর ফলে প্রতিনিয়ত ধসে পড়ছে পাহাড় এবং বিলীন হচ্ছে উর্বর কৃষি জমি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।বুধবার (১৮ নভেম্বর) সরেজমিন পরিদর্শনে গিয়ে এলাকার পরিবেশ ধ্বংসের এক ভয়াবহ চিত্র চোখে পড়ে।এলাকাবাসীর অভিযোগ, ছড়া-খাল থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের কারণে একদিকে যেমন পাহাড়গুলো তাদের প্রাকৃতিক অস্তিত্ব হারাচ্ছে, অন্যদিকে ভাঙনের কবলে পড়ে নষ্ট হচ্ছে আশপাশের শত শত বিঘা আবাদি জমি। বন বিভাগ ও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও নজরদারির অভাবেই এই বেপরোয়া কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি তাদের।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান,তারা দিন-রাত সমানতালে এখান থেকে মাটি ও বালি কেটে নিয়ে যাচ্ছে। এই ধ্বংসযজ্ঞ দিন দিন বেড়েই চলেছে। প্রশাসন ও বন বিভাগের উদাসীনতার সুযোগ নিয়ে সরকারি সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ নির্বিচারে নষ্ট করা হচ্ছে।স্থানীয় বাসিন্দা আবদু রহিম আক্ষেপ করে বলেন, বাঁশখালী সীমান্ত ঘেঁষা সেগুনবাগান ও কাঁঠালতলী মাঠ এলাকায় বর্তমানে যে ধ্বংসলীলা চলছে, তা কল্পনার বাইরে। মাটিখে্কোরা সাধারণ মানুষের কোনো কথাই তোয়াক্কা করছে না। প্রতিবাদ করতে গেলেই তারা স্থানীয় লোকজনকে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। সাধারণ মানুষ এখন ভয়ে মুখ খুলতেও সাহস পাচ্ছে না। আমরা চাই,দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং তাদের বহুবার নিষেধ করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা দেদারছে সরকারি সম্পদ ও পরিবেশ ধ্বংস করে চলেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের আরও দ্রুত ও কঠোর কার্যকরী পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত গুরুতর। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খুব দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।পরিবেশবাদীদের মতে, এভাবে পাহাড় ও ছড়া-খাল কেটে মাটি ও বালি উত্তোলন অব্যাহত থাকলে অচিরেই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে পারে এওচিয়া ইউনিয়ন। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে এলাকার জীববৈচিত্র্য ও কৃষি অর্থনীতি অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।