আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
শীতের আনুষ্ঠানিক আগমনের এখনো মাসাধিক সময় বাকি। এরই মধ্যে অগ্রহায়ণের শুরুতেই উত্তরের জেলাখ্যাত নীলফামারীর কিশোরগঞ্জে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে হুহু করে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ।মঙ্গলবার (১৭নভেম্বর)সকাল গড়িয়ে বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও অনুভূত হচ্ছে ঠান্ডা।বিশেষ করে সকাল ও সন্ধ্যার পর শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।রাতের শর্যায় ওম পেতে গায়ে চাপাতে হচ্ছে মোটা কাঁথা-কম্বল। রাতভর টিনের চালে ঝমঝম শব্দে ঝরছে শিশির কণা।ভোরের আকাশে ধূষর কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ফসলি ক্ষেতসহ গ্রামীণ মাঠ প্রান্তর।শিশির জমে ফসলি ক্ষেত- ঘাসের ডগা ও মাকড়ষার জাল সয়লাব হয়ে পড়েছে।গাছের ঝরা শিশিরে পিচঢালা সড়ক ভিজে একাকার হয়ে পড়ছে।বিশেষ করে ভোরে ঘর থেকে বের হওয়া মানুষ,কৃষক, দিনমজুর ও শ্রমজীবীদের পড়তে হচ্ছে কিছুটা বিড়ম্বনায়।সাতসকালে সড়ক পথে নানা যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ইতোমধ্যে সকাল-সন্ধায় সবাই গরম কাপড় ব্যবহার করতে শুরু করেছেন। অপর দিকে শিশু বৃদ্ধারা ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নানা চিকিৎসা কেন্দ্রে সেবা নিচ্ছেন।স্থানীয়দের মতে, ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী শীত আসতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও প্রকৃতিতে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। সময়ের আগেই শীতের এমন উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা অনুভূতি। সর্বোপরি ভোরের শিশিরভেজা ঘাস, ঘনকুয়াশার আবরণ আর উত্তরের হিমেল হাওয়া যেন আগাম শীতের বার্তা নিয়ে হাজির হয়েছে এ জনপদে।সব মিলিয়ে অগ্রহায়ণের শুরুতেই বাড়তে শুরু করেছে শীত। ধনীদের জন্য শীত আনন্দদায়ক হলেও গরিবের জন্য অভিশাপ ও কষ্টদায়ক।তাই শীতের তীব্রতা বাড়ার আগে সমাজের দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। তবে উপজেলায় আবহাওয়া অধিদপ্তর না থাকায় তাপমাত্রা ও শীতের পারদ সম্পর্কে কোন জানা যায়নি।