সরওয়ার কামাল কক্সবাজার
চকরিয়ায় বিভিন্ন হোটেল, ফল বিতান ও কাঁচা বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার। এসময় হোটেলসহ ৬টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।অভিযানে যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে–নিউ মিষ্টি রাজ ও ফল বিতানকে ৬ হাজার টাকা, জাকরিয়া ফল বিতানকে মূল্য তালিকা না থাকার দায়ে ৩ হাজার টাকা,মিজান ফল বিতানকে ৩ হাজার টাকা, নিউ রাজ ভবন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না ও বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা, মুডি বিতান মুদি দোকানকে ৫ হাজার টাকা ও আল কাদের স্টোর পাইকারী মুদির দোকানকে শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অনুমোদন বিহীন নিম্ন মানের শিশু খাদ্য প্যাকেটজাত করে বিক্রি ও মূল্য তালিকা না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক হায়দার আলী, চকরিয়া থানা পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জনস্বার্থে সংশ্লিষ্ট দপ্তরের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আরিফুল ইসলাম।