মোঃ শাহানুর আলম। খানসামা (দিনাজপুর):
দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের হলরুমে পুষ্টি সংবেদনশীল ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের এক গুরুত্বপূর্ণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সাখাওয়াত হোসেন লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় ইউনিয়নের সার্বিক পুষ্টির মান উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের সমন্বয়ে পুষ্টি কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় এলাকার পুষ্টি পরিস্থিতি উন্নত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এছাড়া পুষ্টি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও মনিটরিংয়ের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতেই এই সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।সভায় ইউনিয়ন পরিষদের অন্যান্য জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।