সরওয়ার কামাল কক্সবাজার-
রামু উপজেলার চৌমুহনী স্টেশন বাজার ও চেরাংঘাটা বাজারে বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে লেবেল ও মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রামু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। এ সময় রামু থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।