আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘দক্ষিণ কাঞ্চনা বকশিখীল মানব কল্যাণ সোসাইটি’র নিজস্ব কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বকশিখীল শাহী জামে মসজিদের উত্তর পাশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
সোসাইটির সভাপতি মুহাম্মদ এখলাছ’র সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক তারেকুল ইসলাম আকাশের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, জায়েদ হোসাইন, সাইদুল ইসলাম, আহমদ ছৈয়দ, নজির আহমদ সওদাগর, জাকের হোসাইন, মুহাম্মদ ইউনুস ও মুহাম্মদ এরশাদ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন ফরহাদ এবং সদস্য মুহাম্মদ সোহেল ও সালাহ উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবকল্যাণ ও আখিরাতমুখী চেতনা নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ ইসলামি সংস্কৃতি চর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায় ও অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, নিয়মিত জামাতে নামাজ আদায়কারীদের উৎসাহিত করতে ১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে বাইসাইকেল উপহার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণসহ নানা জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।
আগামী দিনেও সমাজসেবামূলক এই কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখতে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।