মো. দিদারুল ইসলাম, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে আধুনিক লেজার স্পিড ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতি পর্যবেক্ষণ ও অতিরিক্ত গতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের আওতায় সিএমপির ২৮ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।পাইলট প্রকল্পের আওতায় থাকা সড়কগুলো হলো—বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক। সিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে ২০২৪ সালের ৭ মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যানবাহনের গতিসীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। এতে মহাসড়ক, নগর এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকার সড়কের জন্য পৃথক গতিসীমা নির্ধারণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, চালকদের বড় একটি অংশ এসব নির্দেশনা মানছেন না। পাশাপাশি গতিসীমা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিও পর্যাপ্ত নয়।
সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট চালকের তিন মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ অবস্থায় নির্ধারিত গতিসীমা কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের উদ্যোগ নিয়েছে সিএমপি।প্রকল্প বাস্তবায়নে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা দিয়েছে। পাশাপাশি নিরাপদ চেকপয়েন্ট স্থাপনের জন্য ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং আটটি বহনযোগ্য ক্যানভাস তাঁবু সরবরাহ করা হয়েছে।গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয় সিএমপির ২৮ সদস্যকে। প্রশিক্ষণের শেষ দিন গতকাল বিকেলে পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে পৃথক চেকপয়েন্ট স্থাপন করা হয়। সেখানে স্পিড ক্যামেরা ব্যবহার করে নিরাপদ চেকপয়েন্ট পরিচালনার অনুশীলন করেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন।সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জিআরএসপির দেওয়া সাতটি ক্যামেরা যানবাহনের গতিসীমা শনাক্ত এবং অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে আরও নিয়মতান্ত্রিকভাবে যানবাহনের গতি পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ সম্ভব হবে। যা চট্টগ্রামের সব সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখবে।২০২৫ সালের নভেম্বর মাসে চট্টগ্রাম নগরীতে সড়ক ব্যবহারকারীদের আচরণগত ঝুঁকি নিয়ে পরিচালিত এক জরিপে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বিআইজিআরএস কর্মসূচির আওতায় জেএইচ-আইআইআরইউ ও সিআইপিআরবি প্রকাশিত চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্টে এ চিত্র উঠে আসে।২০২১ থেকে ২০২৩ সালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বৈশ্বিক মানদণ্ড বিবেচনায় নগরের ৩৪ শতাংশ যানবাহন নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করেছে। লোকাল ও কালেকটর সড়কে এ হার ৪৫ শতাংশ। নগরে চলাচলকারী মোটরসাইকেলের ৭০ শতাংশই গতিসীমা অমান্য করে। এ ছাড়া নগরের সড়কে চলাচলকারী ৪৪ শতাংশ যানবাহন বিআরটিএ নির্ধারিত গতিসীমা মেনে চলে না।জরিপে আরও দেখা যায়, কর্মদিবসের তুলনায় ছুটির দিনে গতিসীমা লঙ্ঘনের প্রবণতা বেশি। কর্মদিবসে এ হার ৪২ শতাংশ হলেও ছুটির দিনে বেড়ে দাঁড়ায় ৪৭ শতাংশে।রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, অতিরিক্ত গতির কারণে চালকরা যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি চালকদের সচেতনতামূলক ও মোটিভেশনাল প্রশিক্ষণ প্রয়োজন। যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনাও বাড়ছে।