নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান সংলগ্ন চাঁদনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার মৃত আসহাব উদ্দিন চৌধুরীর ছেলে নবাব চৌধুরী (৩৭) এবং একই এলাকার খোরশেদুল আলমের ছেলে মো. আরাফাত (২৭)।
এসআরবি-১৫-এর বান্দরবান ক্যাম্পের সিপিসি-৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়। দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই দুই আসামিকে চিহ্নিত করার পর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা, অপরাধ দমন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সূত্র।