মীর জাহেদ রাঙ্গুনিয়া :
মাত্র ১৮ দিনের ব্যবধানে চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো মাদরাসাজুড়ে। একের পর এক দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকাহত শিক্ষক, সহপাঠী, স্বজন ও এলাকাবাসী।মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান রেজভী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০২১ সালের দাখিল ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ আবদুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন।এর আগে গত ২৩ অক্টোবর একই মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ জিহাদ সাপের কামড়ে মারা যান। অল্প সময়ের ব্যবধানে দুই তরুণ শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে মাদরাসা পরিবারসহ পুরো এলাকায় শোক ও বেদনার পরিবেশ বিরাজ করছে।এদিকে, দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাদরাসা পরিবার। তাঁদের রুহের মাগফেরাত কামনা করে শিক্ষক মাওলানা আবদুল মান্নান রেজভী মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন নবীজির উছিলা ও মাশায়েখে কেরামের ছদকায় উভয়কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন।