মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৯ নভেম্বর। বুধবার (১১ নভেম্বর) যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান রায়ের এ দিন ধার্য করেন।বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন। তিনি জানান, মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও রোকসানা জামান চৌধুরী (৫৬)।এ ছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান এম এ সবুর ও সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এ মামলার আসামি।ব্যাংকটির সাবেক কর্মকর্তা এবং জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদেরও আসামি করা হয়েছে।দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং সেখানে সম্পত্তি কেনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনা ঘটে।২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এতে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মামলার প্রাথমিক ৩১ আসামির মধ্যে দুজন মারা গেছেন। তাঁরা হলেন ইউসিবিএলের সাবেক ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ আব্দুল আউয়াল এবং জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী কাজী মোহাম্মদ দিলদার আলম। তাঁদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি ২৯ জনের সঙ্গে তদন্তে পাওয়া আরও সাতজনকে যুক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।