সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধে জড়িত ১১ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এছাড়া মধ্যরাতে অযাচিতভাবে ঘোরাফেরা করার সময় আটক ৫ জন কিশোরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত উখিয়া থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলায় ৫ জন, জিআর পরোয়ানামূলে ১ জন, রিমান্ড শেষে ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৪ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার মো. করিম (৩৮), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাইল্লাখালীর নুরুল আবছার প্রকাশ কালু (৩২), রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মো. মামুনুর রশিদ (২৫), এবং এফসিএন নম্বরধারী মো. ইউনুস (২৬) ও জাহেদ হোছন (৫১)।এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি উখিয়ার ক্যাম্প-৭ এর বাসিন্দা মোহাম্মদ সলিম এবং রিমান্ড প্রক্রিয়া শেষে ক্যাম্প-১৯ এর আব্দুল আমিনকে (২১) আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌ:কা: ১৫১ ধারায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল ও দক্ষিণ সোনারপাড়া এলাকার মো. হাসান (২৮), নুরুল ইসলাম (৩০), তাজ উদ্দিন (৪২) এবং মো. জাহেদকে (৩৫) গ্রেফতার করা হয়। সর্বমোট ১১ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে মধ্যরাতে রাস্তায় এলোমেলোভাবে ও অযাচিতভাবে ঘোরাফেরা করা ৫ জন কিশোরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের রেকর্ড যাচাই-বাছাই করা হয় এবং তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় কঠোরভাবে সতর্ক করা হয়। এরপর মুচলেকা সম্পাদন সাপেক্ষে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।অভিযানের বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”