নিজস্ব প্রতিবেদক >>> বাংলাদেশের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি অংশ নিয়ে নিজ এলাকার অবহেলিত মানুষের সেবা করতে চান প্রবাসী প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস ও মাদক নির্মূল, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং প্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করে মাদারীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন পর্তুগাল প্রবাসী বিশিষ্ট উদ্যোক্তা মোহাম্মাদ সোহরাব ফকির।সম্প্রতি ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের প্রাণকেন্দ্রে অবস্থিত মেজবান রেস্টুরেন্টে দুধখালী ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।
মিলানের বিশিষ্ট ব্যবসায়ী রিপন খানের সভাপতিত্বে এবং রিপন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বয়ং চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মাদ সোহরাব ফকির। তাঁর সুমধুর কণ্ঠে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।সভায় আবেগাপ্লুত কণ্ঠে মোহাম্মাদ সোহরাব ফকির বলেন, “প্রবাসে থেকেও দেশের মাটি ও মানুষের টান এক মুহূর্তের জন্যও ভুলে যায়নি। এলাকার তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবার আগে সন্ত্রাস ও মাদকের মূলোচ্ছেদ করতে হবে। নির্বাচিত হলে আমি দুধখালী ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন ইতালি প্রবাসী ব্যবসায়ী মো. ফারুক ফকির।
এ সময় দুধখালী ইউনিয়নের উন্নয়নে সোহরাব ফকিরের বিগতদিনের নানা সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরে বক্তারা বলেন, এলাকার সুখে-দুঃখে প্রবাস থেকেও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে প্রবাসীরা সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন শাহীন জমাদার, আসাদ খান, ফজলুল হক, হাকিম বেপারী, টিটু বেপারী, মুকুল খান ও সুমন হাওলাদারসহ মিলান প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানীয় নির্বাচনে এবার প্রবাসী প্রার্থীরা অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় ইতালি ও ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।