প্রেস বিজ্ঞপ্তিতঃ সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল ‘চট্টগ্রাম প্রতিদিন-এ প্রকাশিত “অবৈধভাবে মাটি কাটা” সংক্রান্ত একটি প্রতিবেদনে নিজেকে এবং সহকর্মীকে জড়িয়ে পরিবেশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যেপ্রণোদিত ও মনগড়া বলে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভার আমির হামিদ উদ্দিন আযাদ।
এক প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিবৃতিতে তিনি জানান, প্রকাশিত সংবাদে তাঁর নাম, ছবি এবং একটি খণ্ডিত ও সম্পাদিত (কাটছাঁট করা) অডিও কল রেকর্ড ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এসব অপপ্রচারের সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মূলত তাঁর সামাজিক, রাজনৈতিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল এই মনগড়া তথ্য উপস্থাপন করেছে।
বিবৃতিতে শিক্ষক ও জামায়াত নেতা হামিদ উদ্দিন আযাদ বলেন, “আমি একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং পাশাপাশি জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভার আমির হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও নানামুখী সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছি। আমার এবং আমার পরিবারের একটি সামাজিক ও পেশাগত মর্যাদা রয়েছে। অথচ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য গ্রহণ না করে এবং কোনো ধরনের সত্যতা যাচাই না করে একপক্ষীয় সংবাদ পরিবেশন করা দায়িত্বহীন সাংবাদিকতার পরিচায়ক।
প্রতিবাদলিপিতে তিনি আরও উল্লেখ করেন, সংবাদে জামায়াতে ইসলামী সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ‘সী-মেরিন লিমিটেড’-এ সুপারভাইজার পদে কর্মরত মানবিক সমাজকর্মী শাহারিয়া আহমদ ইমনকেও অন্যায়ভাবে জড়ানো হয়েছে। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে আসছেন এবং এই ঘটনার সঙ্গে তাঁরও কোনো দূরতম সম্পর্ক নেই।
চট্টগ্রাম প্রতিদিন’ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বিবৃতিতে ৪টি স্পষ্ট দাবি উত্থাপন করা হয়: ১. প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদটি অবিলম্বে প্রত্যাহার ও প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ করা। ২. সংবাদে নাম, ছবি ও সম্পাদিত অডিও ব্যবহার করার বিষয়ে লিখিত ও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করা। ৩. ভুক্তভোগীদের বক্তব্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করে অবিলম্বে প্রতিবাদলিপি প্রকাশ করা। ৪. সাংবাদিকতার নীতিমালা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে ভবিষ্যতে সংবাদ পরিবেশন করা।
বিবৃতির শেষে হামিদ উদ্দিন আযাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি সর্বদা আইন, সত্য ও ইনসাফের প্রতি শ্রদ্ধাশীল। ব্যক্তিগত সম্মান, পেশাগত মর্যাদা এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার এমন অপচেষ্টা অব্যাহত থাকলে আমি প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।
একইসঙ্গে যেকোনো ধরনের মিথ্যা ও যাচাই-বাছাইহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।