আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে সংবাদ সংগ্রহ ও তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম ‘নোয়াখালীর বার্তা’র সম্পাদক, ‘ঢাকা টাইমস’-এর চাটখিল উপজেলা প্রতিনিধি ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রিয়াদ। এ ঘটনায় কথিত মাদক ব্যবসায়ী মোতাহের হোসেন মোতা (৫০), তাঁর দুই ছেলে প্রান্ত ও ফাহিমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে চাটখিল থানায় মামলা দায়ের করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িসংলগ্ন মোতাহের হোসেনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটছিল। এসব চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সুন্দরপুর ছমর উদ্দিন তপদার বাড়ির জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে মসজিদ কমিটি ও স্থানীয় লোকজন সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে অভিযোগ ওঠে, ওই চুরির টাকা এলাকার একটি সংঘবদ্ধ চক্রের সদস্য মোতাহের হোসেন নিজের জিম্মায় রেখেছিলেন।এ বিষয়ে সংবাদ সংগ্রহের অংশ হিসেবে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ মোতাহের হোসেনের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁর ছেলে প্রান্ত ও ফাহিমসহ অন্যরা মিলে সাংবাদিকের ওপর হামলা চালান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে বলা হয়, হামলাকারীরা কিল-ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে সাংবাদিক রিয়াদের হাত, পা, বুক, পিঠ ও মাথায় এলোপাতাড়ি আঘাত করে তাঁকে আহত করেন। এ সময় আরমান হোসেন নামে আরও একজনকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।এদিকে সাংবাদিক নেতার ওপর এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাটখিল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তরের চাটখিল উপজেলা প্রতিনিধি মো. আবু তৈয়ব এবং চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ।চাটখিল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. আবু তৈয়ব ক্ষোভ প্রকাশ করে বলেন, “সংবাদ সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীর ওপর সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও চোর চক্রের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ বলেন, “স্বাধীন সাংবাদিকতার ওপর এই আঘাত অত্যন্ত কাপুরুষোচিত। আমরা অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।