সরওয়ার কামাল কক্সবাজার –
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের রাতের বেলায় বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে হবে।
৩১ অক্টোবর বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডিআইজি আরো বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়িয়ে পড়লে সেটি শুধু তার একার দায় নয়, এর পেছনে সমাজেরও দায় রয়েছে। পরিবার, প্রতিবেশী ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের শিক্ষার্থী ও যুবসমাজের খোঁজখবর রাখতে হবে। আশপাশে কোথাও যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটলে সবাইকে প্রতিবাদী হতে হবে।
তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু ইট-পাথরের রাস্তা কিংবা দালানকোঠার উন্নয়ন বোঝায় না; মানুষের চিন্তাভাবনা ও মানসিকতার পরিবর্তনও উন্নয়নের অংশ। তাই অপরাধমুক্ত সমাজ গঠনে অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।বক্তারা বলেন, কক্সবাজার শহরের অপরাধের ধরন বহুমাত্রিক। এখানে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। জেলা পুলিশ সম্প্রতি অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।