নিজস্ব প্রতিবেদকঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় আরজেএফ-এর দীর্ঘ ১৯ বছরের কার্যক্রম, গ্রামীণ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় আরজেএফ-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ১৯ বছরের কার্যক্রম, সাংগঠনিক অগ্রযাত্রা এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে অবহিত করেন।
তিনি সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে গ্রামীণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে গণমাধ্যমের বিকাশে আরজেএফ-এর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
সভায় আরজেএফ-এর স্থায়ী পরিষদের সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ সাংবাদিকেরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকতা যেন সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সে জন্য সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং মতবিনিময় আরও জোরদার করা জরুরি।মতবিনিময় সভায় আরজেএফ-এর দীর্ঘ ১৯ বছরের সাংগঠনিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় গ্রামীণ সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আরজেএফ-এর প্রতিনিধিদল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে সাংবাদিকতার উন্নয়ন, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। মতবিনিময়কালে আরজেএফ এর যুগ্ম মহাসচিব মোঃ রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মোঃ শাফিউর রহমান কাজী, ত্রান ও পুর্নবাসন সম্পাদক মোঃ মাসুদ আলম, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সজিব সাধারণ পরিষদ সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।