আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা।।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের রামু উপজেলায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবাসহ খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।এসআরবি-১৫, সিপিসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কচ্ছপিয়া এলাকার একটি নির্দিষ্ট স্থানে মাদকের একটি বড় চালান কেনাবেচা চলছে। প্রাপ্ত সংবাদের সত্যতা নিশ্চিত করতে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুনিয়াছড়া এলাকায় অভিযান চালায় এসআরবির দলটি।অভিযান টের পেয়ে পালানোর চেষ্টাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া করে খালেদা বেগমকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকার একটি চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।গ্রেফতারকৃত খালেদা বেগম রামু উপজেলার কচ্ছপিয়া দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কাদের হোছন ও খতিজা বেগম দম্পতির কন্যা। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার দুই ছেলেসহ বেশ কয়েকজন সহযোগী পালিয়ে বেড়াচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এসআরবি-১৫ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানিয়েছে।