মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :
ফরিদপুরের নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে টিনের ঘর ভাঙচুর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. মর্তুজা চৌধুরী চাকু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ সময় ঘরে রাখা জমি কেনার পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ মো. রহমান মাতুব্বর (৬৫)।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ফুলসুতি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নগরকান্দা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী।অভিযোগ সূত্রে জানা যায়, রহমান মাতুব্বর পেশায় একজন কৃষক। প্রায় ছয় বছর আগে ফুলসুতি পশ্চিমপাড়ার বাসিন্দা মর্তুজা চৌধুরী চাকুর কাছ থেকে তিনি এক লাখ ৭০ হাজার টাকা ধার নেন। অভিযোগকারীর দাবি, প্রতিবছর ওই টাকার লাভ বাবদ ৩০ হাজার টাকা করে পরিশোধ করেছেন তিনি। তবে এরই মধ্যে কৌশলে তাঁর বসতবাড়ির ছয় শতাংশ জমি দলিল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রহমান মাতুব্বর।তিনি আরও অভিযোগ করেন, ধার নেওয়া টাকার সুদ-আসল পরিশোধ করতে চাইলে মর্তুজা চৌধুরী তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। এ নিয়ে বসতভিটার জমি ফেরত পাওয়ার দাবিতে অংশীদারদের মাধ্যমে আদালতে একটি প্রি-এম্পশন (অগ্রক্রয়) মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।অভিযোগে বলা হয়, গত ২০ অক্টোবর সকালে মর্তুজা চৌধুরী চাকু ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন সহযোগী লাঠিসোঁটা, কুড়াল ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে রহমান মাতুব্বরের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির পশ্চিম ভিটায় থাকা একটি দোচালা টিনের ঘর ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।এ ছাড়া ঘরে রাখা মাটির পাতিলের ভেতর জমি কেনার জন্য সংরক্ষিত পাঁচ লাখ টাকা মর্তুজা চৌধুরী নিয়ে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।রহমান মাতুব্বরের দাবি, স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।তবে অভিযোগের বিষয় মুর্তুজা চৌধুরী চাকুর নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।