শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম এবং সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ প্রাপ্ত সমাজকর্মী নাহিদ উজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে শিবগঞ্জ উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান দুই অতিথি ও কৃতী ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।শিবগঞ্জ উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মাজহারুল ইসলাম বলেন, “জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি লাভ শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো শিবগঞ্জ উপজেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য অর্জিত হয়েছে।” তিনি সংবর্ধনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং জনসচেতনতা সৃষ্টিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।সংবর্ধিত সমাজকর্মী নাহিদ উজ্জামান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন,যে কোনো স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। সমাজকল্যাণমূলক কাজ আমি পরম তৃপ্তি থেকে করি। ‘মাদার তেরেসা স্বর্ণপদক’ আমাকে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে আরও বেশি নিবেদিত হয়ে কাজ করার প্রেরণা জোগাবে। শিবগঞ্জের মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনে আমি সারাজীবন অবদান রেখে যেতে চাই।অনুষ্ঠানে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ জালাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও আঞ্চলিক সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দুই কৃতী ব্যক্তিত্বের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও শুভকামনা জানান।