আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দিরে মহাসমারোহে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে শিব মন্দির প্রাঙ্গণে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুুষ্ঠানের মধ্য দিয়ে এই পবিত্র তিথি উদ্যাপিত হয়।
পূজামণ্ডপ সূত্রে জানা যায়, মহানবমীর রাতে মন্দির প্রাঙ্গণ মুখরিত ছিল ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে। এ সময় দেবী দুর্গার মহাআরতি, হোমযজ্ঞ, ঐতিহ্যবাহী ধুনুচি নাচ, নাটক পরিবেশন এবং ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। হাজারো ভক্তের উপস্থিতিতে পুরো এলাকা এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে দক্ষিণ কাঞ্চনা দুর্গা ও শিব মন্দির কমিটির সভাপতি বাবু দীপক দত্ত বলেন,শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির মিলনমেলা। অশুভ শক্তি বিনাশ এবং শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে দেবী দুর্গা আমাদের মাঝে আবির্ভূত হন। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে সনাতন ধর্মের কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সামাজিক সম্প্রতি বজায় রাখা।
পূজা উদযাপন কমিটির সভাপতি রকি চৌধুরী তাঁর বক্তব্যে বলেন,সাতকানিয়ার কাঞ্চনা এলাকার পূজা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকে। প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজের সার্বিক সহযোগিতায় আমরা উৎসবটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারছি। আগামীতেও সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
অপু দত্তের সঞ্চালনায়,উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দিরের কার্যকরী সভাপতি বাবু রাজিব তালুকদার, অর্থ সম্পাদক বাবু বিশ্বনাথ দাস, উপদেষ্টা বাবু প্রদীপ পাল, সাংগঠনিক সম্পাদক লিটন দাস উজ্জ্বল, পূজা কমিটির সাধারণ সম্পাদক টিপলু দাস, অর্থ সম্পাদক সুমন দাস, সাধারণ অর্থ সম্পাদক সুদর্শন চক্রবর্তীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন অপু দত্ত। মহানবমীর এই বর্ণাঢ্য আয়োজন ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক ভাব ও আনন্দের সঞ্চার করে।