মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহসভাপতি তারেক মাহমুদ, উপদেষ্টা খাদেমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু, সিনিয়র সহসভাপতি নুর-ই-ইলাহী, আশরাফ হোসেন রাজা ও মোস্তাফিজ সালাম সজিব, রিফাত আলী, লাভলু, সহ আরো অনেক সাংবাদিক।মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ও গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।বক্তারা আরো বলেন, দেশে দীর্ঘদিন ধরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা যথাযথ শাস্তি পায়নি। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে এ পেশায় কাজ করার পরিবেশ সংকুচিত হবে। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।