মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ওষুধসামগ্রী দিয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। আন্তর্জাতিক দাতা সংস্থা ডাইরেক্ট রিলিফের (Direct Relief) সহায়তায় পাওয়া এসব ওষুধ হস্তান্তর করা হয়।রোববার (১৮ অক্টোবর) ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ওষুধসামগ্রীগুলো হাসপাতালের এডহক কমিটির আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর কাছে হস্তান্তর করেন।ডা. খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডায়াবেটিক জেনারেল হাসপাতালের এডহক কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন এবং হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন। এ সময় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ডা. খুরশিদ জামিল চৌধুরী বিনামূল্যে ওষুধসামগ্রী দেওয়ায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক দাতা সংস্থা ডাইরেক্ট রিলিফের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডাইরেক্ট রিলিফ রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য তাদের হাসপাতালে বিপুল পরিমাণ ওষুধসামগ্রী পাঠিয়েছে। এসব ওষুধের মধ্য থেকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ওষুধ ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে দেওয়া হয়েছে। ডায়াবেটিক জেনারেল হাসপাতালের চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও প্রয়োজনে আরও ওষুধ সরবরাহ করা হবে।সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ওষুধ পাওয়ার সুযোগ বাড়বে এবং চিকিৎসাসেবা গ্রহণে তাঁদের আর্থিক চাপ কিছুটা কমবে।