সরওয়ার কামাল কক্সবাজার-
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের পূজামণ্ডপের অনুকূলে বরাদ্দ করা জিআর চালের অর্থ বিতরণ করা হয়েছে।(১৭ অক্টোবর) কক্সবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, কক্সবাজার সদরের উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।কক্সবাজার সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পি শর্মার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।এ সময় কক্সবাজার সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়। এ বছর প্রধানমন্ত্রী জিআর চালের বরাদ্দ, সরকারি ছুটি এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদান বাড়িয়েছেন বলে তাঁরা উল্লেখ করেন।তাঁরা আরও বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পর ধর্মীয় উৎসব উদ্যাপনে সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধির এ উদ্যোগ সনাতন ধর্মাবলম্বীদের জন্য ইতিবাচক। দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে সরকারের সহযোগিতা ও বিভিন্ন পদক্ষেপকে তাঁরা স্বাগত জানান।উল্লেখ্য, এ বছর কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৩১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৮টি প্রতিমাপূজা এবং ১৩টি ঘটপূজা। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ।