আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটে উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিবৃন্দ শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, একটি আদর্শ ও স্মার্ট জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সাথে সাথে শিক্ষার্থীদের মানবিক ও নীতিবান হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখতে অভিভাবক ও শিক্ষকদের নিয়মিত যোগাযোগ রাখা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সুযোগ দিতে হবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে শিক্ষার্থীদের বিদ্যালয় ও পরিবারের যৌথ পর্যবেক্ষণে রাখতে হবে।বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) আরিফুল ইসলাম ছিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, কৈশোর ও তরুণ প্রজন্মকে কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদক থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের সার্বক্ষণিক সচেতন থাকতে হবে। যেকোনো শৃঙ্খলাজনিত সমস্যায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার আব্দুল কাদের। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের অভিভাবকগণ উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে নানা গঠনমূলক মতামত তুলে ধরেন।সমাপনী বক্তব্যে সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন সকল অতিথি ও অভিভাবকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন,বিদ্যালয়ের সুগঠিত ও সুশৃঙ্খল পাঠদান ব্যবস্থা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।