মোঃ রিফাত আলী জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জাল মার্কিন ডলার ও বিভিন্ন মালামালসহ দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রতারণার অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন মেইন রোডের দেওয়ানগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২), জামালপুরের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শাহজাহান মিয়া ও এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম। তাঁদের সঙ্গে সঙ্গীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হযরত আলী (৩০), পিতা তালুকদার, সাং-কুতুবেরচর এবং মো. নজরুল ইসলাম (২২), পিতা মো. জলিল মোল্লা, সাং-কুতুবেরচর, থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর।অভিযানকালে তাঁদের কাছ থেকে ৫০০ ডলারের ১০০টি জাল নোট, ১০০ ডলারের ১০০টি জাল নোট, ৫০ ডলারের ৯৮টি জাল নোট, ১ ডলারের ৯৮টি জাল নোট, দুটি মোবাইল ফোন এবং একটি পুরাতন কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল মার্কিন ডলারের পাশাপাশি কিছু আসল ডলারও জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়।জেলা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ কাজ করছে।জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, অবৈধ প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।