আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী এন.এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে এক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক ও ফুলতলা বাজার স্টেশন প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।স্কুলের সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায়,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাস পুরকায়স্থ বলেন,কিশোর অপরাধ ও ইভটিজিং কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। তরুণ ও কিশোর সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভুমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতি রুখতে উপজেলা প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। যেকোনো মূল্যে আমাদের সন্তানদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে।প্রধান আলোচকের বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে কোনো অপরাধচক্রে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের কড়া নজরদারি রাখতে হবে। কিশোর গ্যাং বা মাদক ব্যবসার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ইভটিজিং ও ইভটিজারদের বিরুদ্ধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্কুলের সামনে বা যাতায়াতের পথে কেউ ছাত্রীদের উত্যক্ত করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,সমস্যার সম্মুখীন হলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো সমস্যায় সরাসরি থানা পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। এতে আরও বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আবুল কালামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত র্যালি ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।