মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে বাংলাদেশ গুডনেইবারস সিডিপির উদ্যোগে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মশালায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।গুডনেইবারস সখিপুর সিডিপির ম্যানেজার খায়রুল ইসলামের সভাপতিত্বে সচেতন আলোচনা সভায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মামুন, সমবায় কর্মকর্তা নিগার সুলতানা, সাংবাদিক জুলহাস গায়েন, কামাল হোসেন ও আহম্মেদ সাজু। কর্মশালায় দুই শতাধিক মা অংশগ্রহণ করেন।কর্মশালায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিষ্কার ও নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহার, নির্দিষ্ট সময় পর প্যাড পরিবর্তন এবং ব্যবহৃত প্যাডের সঠিক নিষ্পত্তি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এ সময়ে স্বাস্থ্যসম্মত অভ্যাস অনুসরণ এবং নিজের শরীরের যথাযথ যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।আলোচনায় ঋতুস্রাব নিয়ে প্রচলিত কুসংস্কার, ভুল ধারণা ও সামাজিক সংকোচ দূর করে মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ঋতুস্রাব নারীদের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া—এ বিষয়ে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া এবং পরিবার ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।