নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমীন হত্যা মামলায় সন্দেহভাজন সিএনজিচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কুমিল্লায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই হত্যাকাণ্ডের পেছনের কারণ ও এতে তার সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।১৫ বছর বয়সী তাজমীনের মরদেহ বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুরের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছেই পাওয়া যায় একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা। যশোরের বাসিন্দা তাজমীন কুমিল্লা শহরের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরার পর কীভাবে সে নির্জন ধানক্ষেতে পৌঁছাল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।চট্টগ্রাম থেকে সিএনজিচালক গ্রেপ্তারের পর তাজমীন হত্যার তদন্তে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কি না, এখন সেদিকেই নজর সবার। কারা, কী কারণে এই কিশোরীকে হত্যা করেছে, তা উদ্ঘাটনের অপেক্ষায় পরিবার ও স্বজনেরা।