আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়ন এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি আত্মপ্রকাশের পর থেকেই অপরাধ নির্মূলে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ অক্টোবর)গেল রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে অভিযান চালায় এসআরবি-১৫ ও টেকনাফ ২ বিজিবির যৌথ দল।
অভিযান টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে তল্লাশি চালিয়ে কেওড়া বাগানের মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবার একটি বিশাল চালান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের এই চালান সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি।