আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। জনগণের প্রকৃত প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই সাতকানিয়া-লোহাগাড়ার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ কোটি ৪৫ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত একটি নতুন ব্রিজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উপজেলার নেয়াজর টেক থেকে টংকাবতী ফরেস্ট অফিস ভায়া কানুরাম বাজার সড়কে নবনির্মিত এই ব্রিজটির নির্মাণে চুক্তিমূল্য ধরা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৩১ টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, “যোগাযোগব্যবস্থার উন্নয়ন যেকোনো এলাকার সামগ্রিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
তিনি আরও বলেন, “শুধু শহরকেন্দ্রিক উন্নয়ন নয়, গ্রামের সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখা জরুরি। সড়ক ও সেতু যোগাযোগ উন্নত হলে এলাকার কৃষকরা সহজেই তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন। এর ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে।”
স্থানীয়রা জানান, নবনির্মিত এই ব্রিজটি চালুর ফলে নেয়াজর টেক, কানুরাম বাজার ও টংকাবতীসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। বিশেষ করে এলাকার কৃষিপণ্য পরিবহন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে এই অবকাঠামো অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. ইদ্রিস, লোহাগাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক দিদার, সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন, পদুয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার এবং বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম ডি জোনায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।