আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলীয় সমর্থন এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।
সভায় এওচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফেজ আহমদকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সর্বসম্মতভাবে সমর্থন জানানো হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) এওচিয়া ইউনিয়নে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাতকানিয়া পৌরসভার সাবেক সভাপতি জনাব হাজী রফিকুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব শেফায়েত উল্লাহ চক্ষু এবং মোস্তাফিজুর রহমান।সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন এওচিয়া ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কৌশল নির্ধারণ ও সমন্বিতভাবে কাজ করা। নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করা। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান ও জনমুখী করা।
সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নে যোগ্য নেতৃত্ব বেছে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিবেদিত থাকার আশাবাদ ব্যক্ত করা হয়।
সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আহমদ বলেন -আমার অত্যন্ত প্রিয় এওচিয়া ইউনিয়নের সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের মতবিনিময় সভায় আপনারা আমাকে যে সর্বসম্মত সমর্থন ও ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমৃত্যু তা রক্ষা করার চেষ্টা করব।
এওচিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আসুন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে সবাই একসাথে কাজ করি।