সরওয়ার কামাল কক্সবাজার-
চকোরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় তৈরি ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেঃ কমান্ডার আরাফাত হোসেন সংসাদ সম্মেলনের মাধ্যমে জানান, সমুদ্রে থাকা বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির কাজে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে চকরিয়ার বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় কয়েকজন অবস্থান করছিল।গোপন সংবাদের ভিত্তিতে এই খবর জানতে পেরে মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যরাত ১ টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৪ টি দেশীয় একনলা বন্দুক, ৫টি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, আলমগীর আহমেদ (৩৮), মো. তানভীর (২১) ও রুকমুদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।কোস্ট গার্ড জানায়, আটকরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কোস্ট গার্ড।