আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
তীব্র রোদ ও গরম থেকে স্বস্তি পেতে প্রযুক্তির ছোঁয়ায় অভিনব কৌশলে কৃষিকাজ করছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার কৃষক নরেন চন্দ্র রায়। নিজের বুদ্ধি ও সৃজনশীলতায় পিঠে সোলার প্যানেল বেঁধে তার সঙ্গে ছোট বৈদ্যুতিক ফ্যান সংযুক্ত করেছেন তিনি। ফ্যানটি কাজের সময় তার মাথার ওপর ঠান্ডা বাতাস সরবরাহ করছে। কৃষকের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে কৌতূহল ও প্রশংসার সৃষ্টি করেছে।নরেন চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ছুট খড়ি গ্রামের বাসিন্দা। মাঠে নিড়ানি দেওয়াসহ বিভিন্ন কৃষিকাজ করার সময় তাকে পিঠে সোলার প্যানেল ও মাথার ওপর ছোট ফ্যান নিয়ে কাজ করতে দেখা যায়।কৃষক নরেন চন্দ্র রায় জানান, তীব্র গরমে দীর্ঘ সময় মাঠে কাজ করা বেশ কষ্টকর। তাই রোদে কাজের সময় কিছুটা স্বস্তি পেতে নিজের চিন্তা থেকে সোলার প্যানেলের সঙ্গে ছোট ফ্যান সংযুক্ত করেছেন। এতে কোনো জ্বালানি খরচ ছাড়াই সৌরশক্তি ব্যবহার করে ফ্যান চালানো সম্ভব হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, আধুনিক বড় কোনো যন্ত্রপাতি ব্যবহার না করেই নিজের বুদ্ধি ও প্রযুক্তির সমন্বয়ে নরেন চন্দ্র রায়ের এই উদ্যোগ প্রশংসনীয়। তার এমন সৃজনশীল চিন্তা অন্য কৃষকদেরও প্রতিকূল আবহাওয়ায় নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাতে পারে।এ বিষয়ে রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, “আমি এই কৃষকের উদ্ভাবনী মনোভাব ও কর্মোদ্যমকে সাধুবাদ জানাই। উপজেলা কৃষি অফিস সবসময় এমন উদ্যোগী কৃষকদের পাশে আছে। তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিতে কৃষি অফিস তৎপর রয়েছে। নরেন চন্দ্র রায়ের এই ক্ষুদ্র প্রচেষ্টা অন্যান্য কৃষকদেরও অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।”
প্রখর রোদে মাঠে কাজের কষ্ট কমাতে নরেন চন্দ্র রায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।