আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামালের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধ ছিটানো এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, নোয়াখালী জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।তারা বলেন, কোথাও পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবেও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা।