সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে “নব্য ফ্যাসিবাদের পাহারাদার” বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এনসিপি’র উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন বলছে খুব তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মীর শাহে আলম বলে, কিছুই জানিনা। কমিশন বলে “রাজা বাদশা মহোদয়” আপনি যা বলবেন তা শিরোধার্য। পরবর্তীতে মিটিং ডাকছে। মিটিং হয়, দিন যায় রাত আসে, কোন সমাধান আসেনা। কারন সমাধান আটকে আছে নব্য ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তরে।
নাসির আরো বলেন, তারেক রহমান মোনাফেক। তিনি নির্বাচনের আগে বলেছে “আপনারা গণভোটে রায় দেন, আমরা সংস্কার বাস্তবায়ন করব”। কিন্তু নির্বাচনে জেতার পর তারা সুর পাল্টিয়ে ফেলেছে। এখন তারা বলছে, নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্য আমরা গণভোটের পক্ষে কথা বলছিলাম। তিনি জনগণের রায় উপেক্ষা করে জনগণের সাথে বেইমানি করেছেন। তিনি একজন মোনাফেক। এদিকে তার এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারী একজন গুপ্তচর ও স্বৈরাচারের দোসর। সে এভাবে দেশে একটি উশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচার হাসিনাকে ফেরাতে চায়। আমরা অশান্তি চাইনা বিধায় এবারে তাকে ছাড় দিয়েছি। পরবর্তীতে সাতকানিয়া এসে এধরনের বক্তব্য দিলে স্থানীয় বিএনপি তাকে কঠোরভাবে প্রতিহত করবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। অতএব তাকে নিয়ে সাতকানিয়ার মাটিতে পরবর্তীতে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সাতকানিয়া বিএনপি প্রস্তুত।