সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এ সময় তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম ও জনসেবার খোঁজখবর নেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম, স্থানীয় সমস্যা ও জনসেবা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, “সরকারি দপ্তরে জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।”একইদিন তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে নাগরিক সেবা ও ভূমি সংক্রান্ত কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।