আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।
ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে দেশের সব জেলাকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে চট্টগ্রাম। ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থার (জিআরএস) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত চার মাসে জেলাটিতে ৪৮৬টি অভিযোগ সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে।২৪ সেপ্টেম্বর প্রকাশিত ভূমি মন্ত্রণালয়ের জিআরএসের ওই প্রতিবেদনে ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে জমা পড়া ও নিষ্পত্তি হওয়া অভিযোগের চিত্র তুলে ধরা হয়।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই চার মাসে চট্টগ্রামে মোট ৮৮২টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি করা হয়। সে হিসেবে জেলাটিতে অভিযোগ নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ৫৫ শতাংশ।সংখ্যার দিক থেকে চট্টগ্রামের ঠিক পরেই রয়েছে ময়মনসিংহ জেলা; যেখানে ১৯৭টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং নিষ্পত্তির হার ৪১ শতাংশ। তালিকায় থাকা অন্যান্য জেলার মধ্যে পাবনায় ১৭০টি, বগুড়ায় ১৬২টি, যশোরে ১৬০টি, নোয়াখালীতে ১৫৭টি, ঢাকায় ১৪৪টি এবং রাজশাহীতে ১৪৩টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।এদিকে, একই সময়ে সারা দেশে অনলাইনে মোট ১৫ হাজার ২০১টি অভিযোগ জমা পড়ে। এর বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৩৮৪টি এবং অনিষ্পন্ন রয়েছে ১০ হাজার ৮১৭টি। জাতীয় পর্যায়ে সার্বিক অভিযোগ নিষ্পত্তির হার মাত্র ২৯ শতাংশ। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, জাতীয় গড় হারের তুলনায় চট্টগ্রামের নিষ্পত্তির হার ২৬ শতাংশ পয়েন্ট বেশি।অনলাইন এই ব্যবস্থার সুফল পাচ্ছেন সাধারণ নাগরিকরাও। চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি কার্যালয়ের অধীন এক সেবাপ্রার্থী শফিকুল ইসলাম খান জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে গিয়ে জটিলতার মুখে পড়ে তিনি জিআরএসে অভিযোগ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) নিজে তাঁর সঙ্গে ফোনে কথা বলেন এবং সমস্যার সমাধান করে অনলাইনে খাজনার দাখিলা নিশ্চিত করেন। অনুরূপভাবে, হাটহাজারী উপজেলার আরেক অভিযোগকারী নুরদ্দীন জানান, অনলাইনে অভিযোগ করার পর তাঁর সমস্যার দ্রুত সমাধান হয়েছে এবং তিনি ডাকযোগে নামজারি খতিয়ান হাতে পেয়েছেন।এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের অধিকাংশ মামলা ও বিরোধের নেপথ্যে ভূমিসংক্রান্ত জটিলতা কাজ করে। এসব কারণে নাগরিকদের যাতে কোনো ধরনের মামলা, হয়রানি বা ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও ভূমিসেবা সহজীকরণের লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা যেকোনো ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিল করতে পারেন। এসব অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য নির্দিষ্ট অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছেন।