আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র সাবেক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এ. জেড. এম. মাসুদ আজাদী গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ হলেও, নিয়মিত সপ্তাহে তিন দিন তাঁর ডায়ালাইসিস করতে হতো। তাঁর এই দীর্ঘ ও কঠিন সংগ্রামের সময় তাঁর সহধর্মিণী নিরলসভাবে পাশে থেকে সেবাশুশ্রূষা করেছেন।মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের নীতির্ধারক ও সহকর্মীবৃন্দ।গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি উপদেষ্টা এম. তৌহিদুল আলম এক শোকবার্তায় বলেন, এ. জেড. এম. মাসুদ আজাদী ছিলেন আমাদের কর্মক্ষেত্রের একজন নিবেদিতপ্রাণ ও অত্যন্ত আন্তরিক সহকর্মী। তাঁর অকাল প্রয়াণে আমরা একজন আপন মানুষকে হারালাম। ইন্স্যুরেন্স খাতের উন্নয়নে তাঁর অবদান আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। পাশাপাশি তাঁর শোকাহত পরিবারকে এই গভীর শোকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন।গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের সাবেক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এ. পি. এম. সাইফুল্লাহ চৌধুরী মরহুমের স্মরণে বলেন, মাসুদ ভাই শুধু একজন সহকর্মীই ছিলেন না, তিনি ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় ও অভিভাবকতুল্য একজন মানুষ। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দীর্ঘ রোগভোগের পর তাঁর এই চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফন সম্পন্ন শেষে তাঁর স্থায়ী ঠিকানায় চিরনিদ্রায় শায়িত করা হয়।