মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :
ফরিদপুরের নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরকান্দা উপজেলা প্রশাসন ও নগরকান্দা পৌরসভার উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।র্যালিটি উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরকান্দার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখতেখার আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রিজাউল ইসলাম, ডা. জয়দেব, পৌর প্রশাসক হুমায়ুন কবির, পৌর প্রকৌশলী লুৎফর রহমান, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।