সানিফ চৌধুরী, হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকা থেকে চুরি হওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা ২৪ ঘণ্টার ব্যবধানে পার্শ্ববর্তী সীতাকুণ্ড উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। পরদিন সকালে আইনি প্রক্রিয়া শেষে অটোরিকশাটি উদ্ধার করে প্রকৃত মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।ঘটনার পটভূমি ও চালকের অবহেলা:প্রাপ্ত তথ্যে জানা যায়, চট্টগ্রাম থ-১৩৪০১৭ নম্বর নিবন্ধিত অটোরিকশাটির মালিক উপজেলার বাসিন্দা শিরীন আকতার। গাড়িটি বিগত দুই বছর ধরে নিয়মিত চালিয়ে আসছিলেন স্থানীয় ফতে আলী হাজীর বাড়ির নজরুল নামে এক চালক। নিয়ম অনুযায়ী প্রতিদিন রাতে গাড়িটি এলাকার একটি নির্দিষ্ট সুরক্ষিত পার্কিংয়ে রাখা হতো। তবে সাম্প্রতিক সময়ে মালিকপক্ষের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও টানা চার দিন ধরে চালক নজরুল গাড়িটি সুরক্ষিত পার্কিংয়ে না রেখে নিজের বাড়িতে রাখেন। এর জের ধরে গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফতে আলী হাজীর বাড়ীর আঙিনা থেকে গাড়িটি চুরি হয়ে যায়।আইনি পদক্ষেপ ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতা:
ঘটনার পরদিন, ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় মালিকপক্ষ হাটহাজারী মডেল থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডি গ্রহণের পরপরই হাটহাজারী মডেল থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।সীতাকুণ্ডে গাড়ি উদ্ধার ও সমর্পণ:একই দিন (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মালিক শিরীন আকতারের কাছে সীতাকুণ্ড থেকে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা জানান, সীতাকুণ্ডের দক্ষিণ মহাদেবপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। গাড়ির গায়ে লেখা মোবাইল নম্বর দেখে স্থানীয়রা মালিকের সাথে যোগাযোগ করেন।বিষয়টি তাৎক্ষণিকভাবে এসআই আমিনুল ইসলামকে জানানো হলে তিনি সীতাকুণ্ড থানা পুলিশের সাথে দ্রুত যোগাযোগ করে সংবাদের সত্যতা নিশ্চিত করেন। পরবর্তীতে হাটহাজারী থানার পুলিশের একটি টিম মালিকপক্ষকে সাথে নিয়ে রাতেই সীতাকুণ্ড পৌঁছে গাড়িটি হেফাজতে নেয় এবং হাটহাজারী মডেল থানায় নিয়ে আসে।আজ সকাল ১১টার দিকে হাটহাজারী মডেল থানায় সকল প্রয়োজনীয় ডকুমেন্টস ও মালিকানার কাগজপত্র যাচাই-বাছাই শেষে লিখিত আবেদনের প্রেক্ষিতে অটোরিকশাটি আনুষ্ঠানিকভাবে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চালকের এমন অসাবধানতা ও অবহেলার বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।