আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি, চট্টগ্রাম জজকোর্টের বিশিষ্ট আইনজীবী মো. এরশাদুর রহমান (রিটু)-কে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতি আগমন করলে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে প্রাণঢালা অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত সমৃদ্ধি এবং একটি সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ও বিএনপি নেতা জুনায়েদুল হক মাকসুদের যৌথ সঞ্চালনায় এবং নবনিযুক্ত সভাপতি এডভোকেট মো. এরশাদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি জনাব মো. হাসান আলী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব আহমদ সোবহান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এডভোকেট মো. এরশাদুর রহমান রিটু বলেন, এই বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার প্রসারে তাঁদের ঐতিহাসিক ভূমিকা কখনো ভোলার মতো নয়। আমি আজ কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধাভরে তাঁদের সেই অবদানের কথা স্মরণ করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে সকালে ঐক্যবদ্ধ হয়ে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবো।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য বাবুল কান্তি চক্রবর্তী, বাদল কান্তি, মো. নাজিম উদ্দিন, নুরুল আলম, ইউপি সদস্য মনসুর আলম, রফিকুল আলম, ফেরদৌস শিকদার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ। প্রধান অতিথির বক্তব্য বলেন,আজকে অত্র বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নবনির্বাচিত সভাপতি মহোদয়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং মজবুত ভিত্তির সূতিকাগার। একটি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে ম্যানেজিং কমিটি, শিক্ষক এবং অভিভাবক ত্রিমুখী শক্তির মতো কাজ করে।ম্যানেজিং কমিটির কাজ কেবল পদাধিকার বলে দায়িত্ব পালন নয়; বরং শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত বিধিমালা অনুযায়ী বিদ্যালয়ের সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।