সরওয়ার কামাল কক্সবাজার-
চকরিয়া থানা পুলিশের অভিযানে দেশে তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার থানা পুলিশের পৃর্থক দল উপজেলার খুটাখালী ও চিরিঙ্গা ইউনিয়নের দুর্গম জনপদে অভিযান চালিয়ে একটি বাড়ি এবং একটি পরিত্যক্ত ফ্ল্যাটফরম থেকে এসব গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোঃ আরিফুর রহমান।চকরিয়া থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনার আলোকে মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধ নির্মূলে চকরিয়া থানা পুলিশ বর্তমানে বিশেষ অভিযান শুরু করেছেন।এরই অংশ হিসেবে জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজের তত্ত্বাবধানে ও থানার ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত পৌঁনে তিনটার দিকে অভিযানে থাকা পুলিশ দল চকরিয়া উপজেলার খুটাখালী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি কাচারী পাড়া এলাকায় জনই মোঃ ফরিদুল আলমের বসতঘরে কতিপয় দুষ্কৃতিকারী অবস্থান করছেন।এসময় পুলিশ দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে গেলেও বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে সানশেডের ওপর থাকা একটি পুরোনো ছেঁড়া স্কুলব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, অভিযানের দ্বিতীয় পর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বালুছিড়া সওদাগর ঘোনা এলাকার এসকে কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের পরিত্যক্ত প্ল্যাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কতিপয় অস্ত্রধারীদের মজুদ রাখা ৪১ রাউন্ড রাইফেলের গুলি, ৪২ রাউন্ড মেশিনগানের ক্যালিবারের গুলি, ৪৯ টি রাইফেলের গুলির খোসা ও ২৪ টি মেশিনগানের ক্যালিবারের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ওসি মোঃ আরিফুর রহমান বলেন, খুটাখালী ও চিরিঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে চকরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা ও একটি জিডি রেকর্ড করা হয়েছে। ঘটনায় জড়িতদের সনাক্ত পুর্বক গ্রেফতারে পুলিশ কাজ করছেন। পাশাপাশি অপরাধমুক্ত চকরিয়া গড়তে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।