মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
সিইউএফএলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গ্যাস সঙ্কটের কারণে গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। দীর্ঘ ছয় মাস পর গ্যাস সরবরাহ পাওয়ায় গত সোমবার ভোররাত থেকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। কিন্তু উৎপাদন শুরুর দুই দিনের মধ্যেই কারখানার বিভিন্ন যন্ত্রাংশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়।দীর্ঘদিনের পুরনো ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির কারণে কারখানাটিতে প্রায়ই কারিগরি ত্রুটি দেখা দেয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সর্বশেষ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কারখানার এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে হতাশা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সিইউএফএলের দৈনিক ইউরিয়া উৎপাদন সক্ষমতা প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার সময় কারখানাটির দৈনিক অ্যামোনিয়া উৎপাদন সক্ষমতা ছিল এক হাজার মেট্রিক টন এবং ইউরিয়া উৎপাদন সক্ষমতা ছিল এক হাজার ৭০০ মেট্রিক টন। গ্যাস সঙ্কট ও দীর্ঘদিনের কারিগরি সমস্যার কারণে বর্তমানে উৎপাদন সক্ষমতা কমে প্রায় এক হাজার ২০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে।সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন আবারো বন্ধ হয়েছে। তবে অতি দ্রুত চলমান সমস্যা সমাধান করে সিইউএফএল পুনরায় উৎপাদনে যাবে।