সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এক অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় শহরের নতুনপাড়াস্থ নির্ধারিত ভবনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জের অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখতে এই পরিষদ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন এই কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের দাপ্তরিক ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে উদ্বোধনী সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পির প্রাণবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বিমান কান্তি রায় এবং সাবেক সাধারণ সম্পাদক বিমল বনিক। বক্তারা সংগঠনের ঐক্য ও সুনামগঞ্জের সর্বজনীন উৎসবসমূহ শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে পালনে কার্যালয়টির প্রয়োজনীয়তা তুলে ধরেন।সভায় পরিষদের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনি কাঞ্চন দাস, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য, অর্থ সম্পাদক স্বপন সরকার, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব তালুকদার এবং সহ-দপ্তর সম্পাদক শিপু পোদ্দারসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন।অনুষ্ঠানের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশ সমাপনী বক্তব্যে কার্যালয় স্থাপনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং জেলার সকল সার্বজনীন পূজা ও ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজনে সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। ##